যিহোশূয়া ৩:১-৮
১
¶ যিহোশূয় অনেক ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েল-সন্তানদের সঙ্গে শিটীম থেকে যাত্রা শুরু করে যর্দ্দনের কাছে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানেই রাত কাটালেন।
২
তিন দিনের র পর আধিকারিকরা শিবিরের মধ্য দিয়ে গেলেন;
৩
তাঁরা লোকদের এই আজ্ঞা দিলেন; তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক ও লেবীয় যাজকদের তা বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান থেকে যাত্রা শুরু করবে ও তার পেছনে পেছনে যাবে।
৪
সেখানে তার ও তোমাদের মধ্যে প্রায় দুই হাজার হাতের দূরত্ব থাকবে; তার কাছে যাবে না; যেন তোমরা তোমাদের গন্তব্য পথ জানতে পার, কারণ এর আগে তোমরা এই পথ দিয়ে যাও নি।
৫
পরে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র কর, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ করবেন।”
৬
এর পরে যিহোশূয় যাজকদের বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে যাও৷” তাতে তারা নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে গেল।
৭
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে আমি সমস্ত ইস্রায়েলের সামনে তোমাকে মহিমান্বিত করব, যেন তারা জানতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনি তোমারও সঙ্গে সঙ্গে থাকব।
৮
তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকদের এই আদেশ দাও, যর্দ্দনের জলের কাছে উপস্থিত হলে, তোমরা যর্দ্দন নদীর সামনে দাঁড়িয়ে থাকবে।”
Settings